ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি। দলটির নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন, আর্থিক সহযোগিতা এবং তাদের পূর্ব নির্ধারিত দোকানভিটার নিশ্চয়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।
শুক্রবার (৫ জুন ২০২৬) ভোর আনুমানিক ৬টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার কাপড় পট্টি এলাকায় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১০৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায় এবং শতাধিক ব্যবসায়ী ব্যাপক ক্ষতির মুখে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে। মার্কেটে কাপড়, প্রসাধনী ও অন্যান্য দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ ধারণ করে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতায় কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে ১০৫টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ জানান, প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে কাজ চলছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অগ্নিকাণ্ডের ঘটনায় একই দিন সন্ধ্যা ৭টায় ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি কার্যালয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নিয়ে এক শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন বিএনপি নেতৃবৃন্দ।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াদুদ চেয়ারম্যান, ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুলসহ ক্ষতিগ্রস্ত একাধিক ব্যবসায়ী।
বক্তারা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের জীবনের সঞ্চয় হারিয়েছেন। তাদের পুনর্বাসনে সরকার, প্রশাসন এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। বিএনপি নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবেন বলেও আশ্বাস দেন।
সভায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হক দুলু-এর সদয় দৃষ্টি ও সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তারা অগ্নিকাণ্ডের পর তাদের বরাদ্দকৃত দোকানভিটার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, কোনো ব্যবসায়ী যেন তার পূর্ব নির্ধারিত ও দীর্ঘদিনের ব্যবসা স্থানের অধিকার থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন। পুনর্বাসন কার্যক্রমে ব্যবসায়ীদের পূর্বের দোকানভিটার নিশ্চয়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হবে বলেও তারা জানান।
শোক ও আলোচনা সভায় উপস্থিত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্য থেকে ১০৩ জনের একটি তালিকা প্রস্তুত করা হয়। পরে তাদের পুনর্বাসন ও আর্থিক সহযোগিতার দাবিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হক দুলু বরাবর একটি সুপারিশপত্র প্রেরণ করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন মণ্ডল ও সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ স্বাক্ষরিত ওই সুপারিশপত্রে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত আর্থিক সহায়তা, পুনর্বাসন এবং পুনরায় ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
সভা শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাদের পরিবারের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। স্থানীয়ভাবে এ অগ্নিকাণ্ডে গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply