কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদর উপজেলায় অবস্থিত বিসিআইসি বাফার গুদাম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথ।
পরিদর্শনকালে গুদামে সংরক্ষিত সার ও অন্যান্য কৃষি উপকরণের মজুত, সংরক্ষণ ব্যবস্থা এবং ডিলারদের মধ্যে নিয়মতান্ত্রিকভাবে সার বিতরণ কার্যক্রম পর্যালোচনা করেন তিনি। এ সময় স্টক রেজিস্টারের সঙ্গে গুদামে থাকা সারের মজুত মিলিয়ে দেখা হয় এবং ডিলারদের মাঝে বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়।
জেলা প্রশাসক কৃষকের প্রয়োজন অনুযায়ী সার ও কৃষি উপকরণের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি মজুত ও বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখার নির্দেশ দেন। একই সঙ্গে গুদামের নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিসিআইসি আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ডিজিএম (প্রশাসন), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুড়িগ্রামের উপপরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন।
জেলা প্রশাসনের এ পরিদর্শনকে কৃষকের কাছে সরকারি বরাদ্দের সার সঠিকভাবে পৌঁছানো এবং মজুত ও বিতরণ ব্যবস্থায় অনিয়ম রোধে মাঠপর্যায়ের তদারকির অংশ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply