সুমন কুমার দে,স্টাফ রিপোর্টার, :
শেরপুর সদর উপজেলার -এর মির্জাপুর এলাকায় চার বোনের ওপর নির্যাতন ও পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় তিন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে নিজ বাড়ির আঙিনায় সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মরিয়ম আক্তার মৌসুমি। তিনি অভিযোগ করেন, একই এলাকার আবু, সোহাগ ও রনি নামের তিন ব্যক্তি দীর্ঘদিন ধরে তাদের পৈত্রিক জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। তাদের কোনো ভাই না থাকার সুযোগ নিয়ে অভিযুক্তরা জোরপূর্বক জমি দখলের অপচেষ্টা করছে বলেও তিনি দাবি করেন।
মরিয়ম আক্তার মৌসুমি আরও জানান, জমি সংক্রান্ত এ বিরোধকে কেন্দ্র করে অতীতেও একাধিকবার হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মামলা দায়ের করা হলেও অভিযুক্তরা জামিনে মুক্ত হয়ে এসে পুনরায় তাদের ওপর নির্যাতন ও হয়রানি শুরু করে। এমনকি রাতের বেলায় প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী চার বোন বলেন, তাদের পিতা একজন শিক্ষক ছিলেন। পিতার মৃত্যুর পর তারা অভিভাবকহীন হয়ে পড়েন। এই সুযোগে অভিযুক্তরা তাদের ভয়ভীতি দেখিয়ে মানসিকভাবে চাপে রাখছে এবং বিভিন্নভাবে হয়রানি করছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে চার বোনই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন। তারা জানান, বর্তমান পরিস্থিতিতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন।
এ অবস্থায় তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং তাদের পৈত্রিক সম্পত্তি রক্ষাসহ জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

Leave a Reply