হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

বাঁশখালীর কৃতিসন্তান হযরত ডেপুটি শাহ মুহাম্মদ বদিউল আলম (রহ.)-এর ৯৫তম ওফাত দিবস আজ

প্রকাশ: ২ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ৩৬ বার


চট্টগ্রাম প্রতিনিধি:
ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত দার্শনিক, লেখক, সাংবাদিক, সমাজসংস্কারক ও ব্রিটিশবিরোধী চিন্তাবিদ হযরত ডেপুটি শাহ মুহাম্মদ বদিউল আলম (রহ.)-এর ৯৫তম ওফাত দিবস আজ (১ জুন)। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁর কর্মময় জীবন ও অবদান স্মরণ করেছে।
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ঐতিহাসিক জাফর আলী হিলে ১৮৫৬ সালের ২১ জুলাই জন্মগ্রহণ করেন এই ক্ষণজন্মা মনীষী। তিনি ছিলেন তৎকালীন সরকারি উকিল ও জমিদার জাফর আলী খানের পৌত্র এবং খান বাহাদুর মৌলানা আনওয়ার আলী খানের পুত্র।
প্রাথমিক শিক্ষা শেষে তিনি চট্টগ্রাম সরকারি স্কুল, কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভ করেন। শিক্ষাজীবন শেষে ব্রিটিশ সরকারের ডেপুটি কালেক্টর হিসেবে কর্মজীবন শুরু করলেও জাতীয়তাবাদী চিন্তা ও ব্রিটিশবিরোধী অবস্থানের কারণে ষড়যন্ত্রের শিকার হয়ে সাময়িকভাবে চাকরিচ্যুত হন। পরে ন্যায়বিচারের মাধ্যমে পুনরায় স্বপদে বহাল হন।
হযরত শাহ মুহাম্মদ বদিউল আলম (রহ.) ছিলেন উপমহাদেশের মুসলমানদের প্রথম ইংরেজি সংবাদপত্র “দি মোহামেডান অবজারভার”-এর সম্পাদক। তাঁর ক্ষুরধার লেখনী ব্রিটিশ শাসনের অন্যায়-অবিচারের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল। এ কারণে একপর্যায়ে পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয় এবং তাঁকে কারাবরণ করতে হয়।
তিনি ১৯১৪ সালে বিশ্বখ্যাত গ্রন্থ “What is Man” রচনা করেন, যা মানবতা, ধর্ম ও দর্শন বিষয়ে একটি গুরুত্বপূর্ণ গবেষণামূলক কাজ হিসেবে সমাদৃত। তাঁর রচিত বিভিন্ন গ্রন্থ ও দর্শনচিন্তা আজও গবেষকদের আগ্রহের বিষয় হয়ে রয়েছে।
আধ্যাত্মিক জীবনেও তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। তিনি ঐতিহ্যবাহী মির্জাখীল দরবার শরীফের অন্যতম খলিফা এবং তরিকায়ে জাহাঙ্গীরিয়ার একজন বিশিষ্ট সাধক ছিলেন। দ্বীন, মানবতা, ন্যায়বিচার ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তিনি আজীবন কাজ করে গেছেন।
১৯৩১ সালের ১ জুন (১৪ মহররম ১৩৫০ হিজরি) নিজ গ্রাম বাঁশখালীর কালিপুরের ইজ্জতনগরে ইন্তেকাল করেন এই মহান মনীষী। তাঁর মাজার শরীফে প্রতিবছর অসংখ্য ভক্ত-অনুরাগী, গবেষক ও শুভানুধ্যায়ী জিয়ারত এবং শ্রদ্ধা নিবেদন করতে আসেন।
ওফাত দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ তাঁর আদর্শ, জ্ঞানচর্চা, সমাজসংস্কারমূলক কর্মকাণ্ড এবং স্বাধীনচেতা চিন্তাধারার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁকে স্মরণ করেছেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!