হোম / অপরাধ
অপরাধ

ভুরুঙ্গামারীর সাদুমোড়ে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে বিসমিল্লাহ হোটেলের মালিক গ্রেফতার

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ণ পড়া হয়েছে: ৭৮ বার
Oplus_16908288

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের সাদুমোড় বাজারে অবস্থিত “বিসমিল্লাহ হোটেল”-এর মালিক ময়নুল ইসলামের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে এক নারী কর্মচারীকে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করেছে কচাকাটা থানা পুলিশ। শুক্রবার (১৯ জুন) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলা ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব কেদার গ্রামের এক সন্তানের জননী ও স্বামী পরিত্যক্তা ওই নারী দীর্ঘদিন ধরে সাদুমোড় বাজারের বিসমিল্লাহ হোটেলে বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। এ সুযোগে হোটেল মালিক ময়নুল ইসলাম তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী নারীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য চাপ দিলে অভিযুক্ত ময়নুল ইসলাম বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেন। গত ২৭ মে ২০২৬ তারিখে তাকে সোনাহাট বিবাহ রেজিস্ট্রার কার্যালয়ে নিয়ে গিয়ে বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর করান। পরে তিনি জানতে পারেন, তার সঙ্গে ময়নুল ইসলামের নয়, বরং তার ছোট ভাই শফিকুল ইসলামের নামে বিবাহ রেজিস্ট্রি সম্পন্ন করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, বিবাহ রেজিস্ট্রির পর তাকে অভিযুক্তের বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং রাতে ময়নুল ইসলামের ছোট ভাইয়ের সঙ্গে দাম্পত্য জীবন শুরু করার জন্য চাপ দেওয়া হয়। এতে আপত্তি জানালে তাকে মারধর করা হয় এবং একপর্যায়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

পরবর্তীতে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে ভুক্তভোগী ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে নিজেকে প্রতারণা ও নির্যাতনের শিকার দাবি করে গত ১৫ জুন কচাকাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ অভিযোগের প্রাথমিক তদন্ত শেষে গত ১৭ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১)/৩০ ধারায় মামলা রুজু করে। মামলার ধারাবাহিকতায় শুক্রবার অভিযুক্ত ময়নুল ইসলামকে গ্রেফতার করা হয়।

কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) অর্পন কুমার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।”

এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী প্রমাণিত হলে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!