হোম / অপরাধ
অপরাধ

কুড়িগ্রামে আর আর ফিলিং স্টেশনে অনিয়ম: আড়াই লাখ টাকা জরিমানা

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ণ পড়া হয়েছে: ৯৮ বার

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:

কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী এলাকায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে একটি ফিলিং স্টেশনকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে পাটেশ্বরী এলাকার মেসার্স আর.আর ফিলিং স্টেশনে জ্বালানি তেলের ওজন, পরিমাপ ও মজুদ সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানের সময় প্রতি ১০ লিটার পেট্রোলে ৩৫২ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার ডিজেলে ৫০ মিলিলিটার কম সরবরাহের প্রমাণ পাওয়া যায়, যা সরাসরি ভোক্তা প্রতারণার শামিল।

এছাড়াও ফিলিং স্টেশনটির আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের কোনো বৈধ ক্যালিব্রেশন চার্ট পাওয়া যায়নি। ব্যবহৃত ট্রাক ওয়েব্রিজেরও কোনো ভেরিফিকেশন সনদ ছিল না। একই সঙ্গে অগ্নিনির্বাপক যন্ত্রপাতি মেয়াদোত্তীর্ণ অবস্থায় পাওয়া যায়, যা নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত দেয়।

এসব অপরাধের প্রেক্ষিতে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রতিষ্ঠানটিকে সর্বমোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের প্রকৌশলী তাহাজিবুল ইসলাম ও প্রকৌশলী তাদমিরা শারমিন।

অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরকারি বিধি অনুযায়ী সঠিক পরিমাপে জ্বালানি তেল বিক্রির নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি দ্রুত বিএসটিআই রংপুর কার্যালয় থেকে প্রয়োজনীয় ভেরিফিকেশন সনদ সংগ্রহের জন্য বলা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!