হোম / অপরাধ
অপরাধ

কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত, অভিযুক্ত জলিল আটক।

প্রকাশ: 19 September 2026, 12:01 AM পড়া হয়েছে: ১৪ বার

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম পৌর শহরের চর হরিকেশ এলাকায় দিনের আলোয় প্রকাশ্যে ছুরিকাঘাতে রোস্তম আলী খোকা (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে বাড়ির কাছের রাস্তায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন জলিল নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

স্থানীয়দের ভাষ্য, সকালে চা পান শেষে বাড়ির কাছে দাঁড়িয়ে ছিলেন রোস্তম আলী। এ সময় জলিল সেখানে এসে তাঁকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ওই বৃদ্ধ। স্থানীয়রা তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

প্রকাশ্য সড়কে এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাঁকে হেফাজতে নেয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চর হরিকেশ এলাকায় দীর্ঘদিন ধরে মাদকসহ নানা অপরাধের বিস্তার ঘটেছে। তাঁদের দাবি, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের ঘাটতির কারণে এলাকায় নিরাপত্তাহীনতা বাড়ছে। তাঁদের প্রশ্ন, জনবসতিপূর্ণ এলাকায় প্রকাশ্যে একজন বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যার মতো ঘটনা ঘটার পরও অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

তবে রোস্তম আলীকে কেন ছুরিকাঘাত করা হয়েছে, হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত বিরোধ, পূর্বশত্রুতা নাকি অন্য কোনো কারণ রয়েছে—তা এখনো নিশ্চিত নয়। পুলিশ তদন্তের মাধ্যমে এসব বিষয় খতিয়ে দেখছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

একজন বৃদ্ধের প্রকাশ্য হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের আইনের আওতায় আনা এবং এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!