হোম / আইন ও পরামর্শ
আইন ও পরামর্শ

কুড়িগ্রামে স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের দুই দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশ: 18 September 2026, 01:18 AM পড়া হয়েছে: ১৭ বার

কুড়িগ্রাম প্রতিনিধি:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলা পুলিশের সদস্যদের দক্ষতা, সক্ষমতা ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কুড়িগ্রামে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম

নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বাচনী আচরণবিধি ও সংশ্লিষ্ট আইন সম্পর্কে পুলিশ সদস্যদের ধারণা দেওয়া এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব বাড়ানোর লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

দুই দিনের প্রশিক্ষণে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের নিরাপত্তা পরিকল্পনা, ভোটকেন্দ্রের নিরাপত্তা, প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা, ঝুঁকি ব্যবস্থাপনা, আইনানুগভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি দায়িত্ব পালনের সময় বডিওর্ন ক্যামেরার যথাযথ ব্যবহার নিয়েও প্রশিক্ষণার্থীদের দিকনির্দেশনা দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দায়িত্বপ্রাপ্ত প্রতিটি পুলিশ সদস্যকে নিরপেক্ষতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে পুলিশ সদস্যদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা মাঠপর্যায়ে যথাযথভাবে প্রয়োগ করতে হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আইনানুগ ও দক্ষতার সঙ্গে মোকাবিলা করে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করাই হবে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের অন্যতম প্রধান দায়িত্ব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা, আরআই পুলিশ লাইন্স মো. আবু জাফর ফকিরসহ প্রশিক্ষণ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা।

দুই দিনের এ প্রশিক্ষণের মধ্য দিয়ে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের প্রস্তুতি, আইনগত জ্ঞান ও পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা আরও জোরদার হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!