নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইনজেকশন ও নার্সের অবহেলার অভিযোগে আরোহী নামে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আরোহী উপজেলার চৌমুহনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নাজিরপুর এলাকার জহির উদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিউমোনিয়ায় আক্রান্ত অবস্থায় শিশুটিকে মা সালমা আক্তার বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। স্বজনদের দাবি, জরুরি বিভাগের নার্সের গাফিলতিতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে এলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেন।
আব্দুর রাজ্জাক জানান, শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল এবং সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগে বাড়িতে ৩-৪ দিন চিকিৎসা দেওয়া হয় এবং একাধিক ইনজেকশন দেওয়া হয়েছিল। শিশুটিকে হাতে ক্যানোলা পরানো অবস্থায় হাসপাতালে আনা হয়। চিকিৎসক দেখার আগে নার্স ক্যানোলা পরিষ্কার করতে গেলে শিশুটি মারা যায়। তবে স্বজনরা মৌখিকভাবে নার্সের গাফিলতির অভিযোগ করেছেন।
এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সালেহ আহমেদ সোহেল বলেন, কিছুদিন আগে জ্বরের কারণে শিশু কনসালটেন্ট ডা. রফিকুল ইসলাম শিশুটিকে চিকিৎসা দেন এবং একটি ইনজেকশন দিয়ে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দেন। তবে স্বজনরা তাকে ভর্তি না করে বাইরে ইনজেকশন দেন। মঙ্গলবার হাসপাতালে আনার সময় শিশুটির হাতে থাকা ক্যানোলা ব্লক পাওয়া যায়। ক্যানোলা পরিষ্কার করার সময় শিশুটির মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ইনজেকশন দেওয়ার কারণেই শিশুটি মারা গেছে।
এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
অপরাধ
নোয়াখালীতে ইনজেকশন ও অবহেলার অভিযোগে ৬ মাসের শিশুর মৃত্যু
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ২ বার
বিজ্ঞাপন

Leave a Reply