নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মাহবুবুল ইসলাম (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসভার ঠুটা পাইকর এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, একজন মাদক কারবারি মোটরসাইকেলে করে ফুলবাড়ী থেকে নাগেশ্বরী হয়ে কুড়িগ্রামের দিকে যাচ্ছেন। পরে নাগেশ্বরী থানার একটি দল ঠুটা পাইকর এলাকায় অবস্থান নেয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি মোটরসাইকেল ফেলে ঠুটা পাইকর সেতুর কাছে খালের পানিতে ঝাঁপ দেন। পরে কচুরিপানার নিচে আত্মগোপনের চেষ্টা করেন। প্রায় এক ঘণ্টা তল্লাশি চালিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাকে কচুরিপানার নিচ থেকে আটক করে।
আটকের পর জিজ্ঞাসাবাদে তাঁর নাম মাহবুবুল ইসলাম (৩২) বলে জানা যায়। তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগীশ এলাকার নুর ইসলামের ছেলে।
পরে তাঁর ফেলে যাওয়া মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক প্রধান জানান এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply