স্টাফ রিপোর্টার | লালমনিরহাট
লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় উন্নয়ন বৈষম্য দূর করতে এবং কৃষিভিত্তিক শিল্পায়নের সম্ভাবনা কাজে লাগাতে এক উচ্চপর্যায়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় বন্ধ কলকারখানা পুনরায় চালু করা এবং কৃষি পণ্যের ওপর ভিত্তি করে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি। তিনি বলেন, এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিল্পায়নের কোনো বিকল্প নেই।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বর্তমান সরকারের লক্ষ্য সংকটকে সুযোগে পরিণত করা এবং সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করা। তিনি জানান, লালমনিরহাট ও কুড়িগ্রামে কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনা দ্রুত চূড়ান্ত করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোঃ হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মোঃ রোকন উদ্দিন বাবুল, কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান, কুড়িগ্রাম পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বীসহ দুই জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, সরকারি কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
সভায় বক্তারা বলেন, এই অঞ্চলে কৃষিপণ্যভিত্তিক শিল্প গড়ে তোলা গেলে স্থানীয়ভাবে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। একই সঙ্গে দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য হ্রাস পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Leave a Reply