লালমনিরহাট প্রতিনিধি সরকারের ২০২৬ সালের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের অগ্রগতি নিয়ে লালমনিরহাটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড, স্মার্ট কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ এবং নারীর ক্ষমতায়ন সংক্রান্ত কর্মসূচিগুলো তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে প্রশাসনের তৎপরতা তুলে ধরা হয় এই সভায়।
বুধবার (১৩ মে) দুপুরে লালমনিরহাট জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লালমনিরহাট জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক। এছাড়াও অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার সৌমিক রায়সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ঘোষিত ইশতেহার অনুযায়ী সরকার গঠনের পর থেকেই দ্রুততার সঙ্গে জনবান্ধব কর্মসূচিগুলো শুরু হয়েছে। গত ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করেন। এর মাধ্যমে নারীপ্রধান ও হতদরিদ্র পরিবারগুলোকে মাসে ২,৫০০ টাকা সরাসরি সহায়তা দেওয়া হচ্ছে।
কৃষি খাতের আধুনিকায়নে টাঙ্গাইলে উদ্বোধনের পর এখন দেশজুড়ে এই কার্ড বিতরণ চলছে। এর মাধ্যমে সার, বীজ ও ঋণের ভর্তুকি সরাসরি কৃষকের হাতে পৌঁছাবে। এছাড়াও ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হচ্ছে, যার সুফল পাবেন প্রায় ১২ লাখ কৃষক।
এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা এবং ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন কাজ দ্রুত এগিয়ে চলছে। কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর নীতিমালা প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান বক্তব্যে বলেন, সরকারের এই বিশাল কর্মযজ্ঞের সুফল যেন প্রকৃত উপকারভোগীরা পায়, সেজন্য জেলা তথ্য অফিসের মাধ্যমে উঠান বৈঠক, কৃষক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী চলছে। তবে উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে অনেক সময় অপপ্রচার চালানো হয়।
তিনি যেকোনো ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য পরিহার করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে উন্নয়ন কাজে সহযোগিতা করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক বলেন, জনগণের অংশগ্রহণ ও সঠিক তথ্যের প্রবাহ নিশ্চিত করা গেলে ২০২৬ সালের ইশতেহার বাস্তবায়ন দেশের আর্থ-সামাজিক চিত্রে বৈপ্লবিক পরিবর্তন আনবে।
প্রেস ব্রিফিংয়ে জেলার সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের চিত্র তুলে ধরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপস্থিত কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply