রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: মোঃ জাহিদ হাসান
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঐতিহ্যবাহী নাজিমখাঁন পশুর হাটে সরকার নির্ধারিত টোলের চেয়ে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে হাটের ইজারাদার পক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৩ মে) নাজিমখাঁন বাজারে নিয়মিত বাজার তদারকি ও মনিটরিং অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান।
আদালত সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নাজিমখাঁন পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক সমাগম ঘটে। এ সুযোগকে কাজে লাগিয়ে হাটের ইজারাদার পক্ষ সরকার নির্ধারিত খাজনার তুলনায় অতিরিক্ত টাকা আদায় করছিল বলে অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে প্রাপ্ত রসিদ ও অন্যান্য তথ্য যাচাই করে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী ইজারাদার পক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে নির্ধারিত টোলের অতিরিক্ত অর্থ আদায় না করার জন্য কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান বলেন, “কোরবানির ঈদকে কেন্দ্র করে কোনো পশুর হাটে ক্রেতা বা বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায় করে হয়রানি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষের স্বার্থ রক্ষা এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত মনিটরিং থাকলে হাটে অনিয়ম ও অতিরিক্ত টোল আদায় অনেকাংশে কমে আসবে।

Leave a Reply