রংপুর প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুর উপজেলায় একটি মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতে ইসলামীর দলীয় সভা এবং সেখান থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। মসজিদের আদব ও মর্যাদা লঙ্ঘনের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী।
জানা গেছে, গত ২৩ জুন মঙ্গলবার মাগরিবের নামাজের পর উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা একটি দলীয় সভার আয়োজন করেন। সভার জন্য মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসানো হয়। সভায় মনোহর বাদশা নামের একজনকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
সভায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির আসাদুজ্জামান শিমুল, উপজেলা সেক্রেটারি শফিকুল ইসলাম, নায়েবে আমির আব্দুল বাছেত হারুন, সহকারী সেক্রেটারি গোলাম আজম, ইমাদপুর ইউনিয়ন আমির মিজানুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দা নয়ন বলেন, “মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে দলীয় কর্মসূচি পালন করে মসজিদের আদব লঙ্ঘন করা হয়েছে। এটি অত্যন্ত নিন্দনীয়। আমরা এলাকাবাসী এর তীব্র প্রতিবাদ জানাই।”
এ বিষয়ে হুলাশুগঞ্জ জামিয়া কুরআনিয়া দারুল উলুম মাদ্রাসার পরিচালক মুফতি মাসুদুর রহমান কাসেমী বলেন, “আমাদের দেশের রাজনৈতিক কর্মসূচিগুলোতে প্রায়ই প্রতিপক্ষের সমালোচনা করা হয়, যা গিবতের পর্যায়ে পড়তে পারে। মসজিদ এমন কোনো কর্মকাণ্ডের স্থান নয়। এছাড়া চেয়ার-টেবিল বসিয়ে দলীয় সভার কারণে যদি মসজিদের সৌন্দর্য বা পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে তা মসজিদের আদবের পরিপন্থী।”
তবে সমালোচনার বিষয়ে বক্তব্য দিতে গিয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমির আসাদুজ্জামান শিমুল বলেন, “আমরা মসজিদভিত্তিক কিছু প্রোগ্রাম করলেও সাধারণত এ ধরনের সভা করি না। মসজিদটি গ্রামের মধ্যে এবং সে সময় সেখানে অন্য কেউ ছিল না, তাই ব্যবহার করা হয়েছে। ইসলামের দৃষ্টিতে মসজিদ একটি কেন্দ্রীয় প্রতিষ্ঠান। তবে সামাজিকভাবে মানুষ বিষয়টিকে ভালোভাবে নেয় না। বিষয়টি নিয়ে সমালোচনা হয়েছে এবং ভবিষ্যতে আমরা এ ধরনের বিষয়ে আরও সতর্ক থাকব।”
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে। অনেকেই ধর্মীয় উপাসনালয়ে রাজনৈতিক কর্মকাণ্ড আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন। অন্যদিকে কেউ কেউ এটিকে অনিচ্ছাকৃত সিদ্ধান্ত বলে উল্লেখ করে ভবিষ্যতে এমন ঘটনা এড়ানোর আহ্বান জানিয়েছেন।

Leave a Reply