হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ১০৫ দোকান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশ: ৫ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ৫৮ বার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার একটি খোলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা। এ ঘটনায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী।

শুক্রবার (৫ জুন ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কাপড় পট্টি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাপড় পট্টির একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। মার্কেটে বিপুল পরিমাণ কাপড়, প্রসাধনী ও অন্যান্য দাহ্য পণ্য থাকায় আগুন মুহূর্তেই ভয়াবহ রূপ নেয়।

খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

তবে ততক্ষণে মার্কেটের ১০৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিরূপণ করা না গেলেও স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের ধারণা, অগ্নিকাণ্ডে প্রায় ১০ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আসন্ন ঈদকে কেন্দ্র করে দোকানগুলোতে বিপুল পরিমাণ পণ্য মজুত ছিল। আগুনে তাদের দীর্ঘদিনের সঞ্চয় ও ব্যবসার মূলধন মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেছে। অনেক ব্যবসায়ী কান্নাজড়িত কণ্ঠে সরকারের সহযোগিতা কামনা করেন।

ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুন লাগার কারণ এবং প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে সরকার, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অমৃত দেবনাথ জানান, শুক্রবার ভোর আনুমানিক ৬টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং এতে প্রায় শতাধিক দোকান পুড়ে যায়। প্রাথমিকভাবে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সমন্বিতভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!