কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জুলাই ২০২৬ মাসের কর্মমূল্যায়নে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুনকে শ্রেষ্ঠ সার্কেল এএসপি, ভূরুঙ্গামারী থানাকে শ্রেষ্ঠ থানা এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ. আজিম উদ্দিনকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট ২০২৬) কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম জুলাই মাসের সার্বিক কর্মমূল্যায়নের ভিত্তিতে তাদের এ সম্মাননা প্রদান করেন।
শ্রেষ্ঠত্ব অর্জনের পর ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো. আজিম উদ্দিন বলেন, এ সম্মান শুধু তাঁর বা থানার কয়েকজন কর্মকর্তার নয়; বরং ভূরুঙ্গামারী থানার প্রতিটি পুলিশ সদস্যের নিরলস পরিশ্রমের ফসল। পাশাপাশি জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন এবং থানার সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার কারণেই এ অর্জন সম্ভব হয়েছে।
তিনি বলেন, “আপনাদের আস্থা, সহযোগিতা ও দোয়া নিয়েই আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসেবায় আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব। একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত ভূরুঙ্গামারী গড়ে তুলতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখব, ইনশাআল্লাহ।”
এদিকে ভূরুঙ্গামারী থানার এমন অর্জনে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা এবং আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় হলে এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আরও কার্যকর হবে।
শ্রেষ্ঠ সার্কেল এএসপি, শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় ভূরুঙ্গামারী থানার পক্ষ থেকে পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। একই সঙ্গে থানাবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওসি মো. আজিম উদ্দিন।

Leave a Reply