ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মিষ্টি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ছয় বছর বয়সী এক শিশুকে বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে ৩০ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান বলে পরিবারের অভিযোগ। এ ঘটনায় ভূরুঙ্গামারী থানায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ (কালিরহাট) এলাকায় এ ঘটনা ঘটে বলে শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরিবারের অভিযোগ, শিশুটি তার মায়ের সঙ্গে গত সাত-আট মাস ধরে ওই এলাকায় নানার বাড়িতে বসবাস করছিল। ঘটনার দিন বিকেলে বেলদহ গ্রামের মো. নাজির হোসেনের ছেলে মো. আশরাফুল (৩০) মিষ্টি কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে সঙ্গে নিয়ে যান।
অভিযোগ অনুযায়ী, পরে শিশুটিকে কৌশলে একটি বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক পোশাক খুলিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তখন অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান বলে পরিবারের দাবি।
খবর পেয়ে শিশুটির মা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে পরিবারের পক্ষ থেকে ভূরুঙ্গামারী থানায় অভিযুক্ত আশরাফুলের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো. আজিম উদ্দিন বলেন, ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে ছয় বছরের শিশুকে লক্ষ্য করে এমন গুরুতর অভিযোগে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। শিশুর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply