ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে করিম উদ্দিন (৬৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। এসময় তার কাছ থেকে প্রায় ২৫ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
শনিবার (২৮ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মিলনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি বাঁশঝাড়ের নিচে এ ঘটনা ঘটে। আহত করিম উদ্দিন উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছোটখাটামারী গ্রামের বাসিন্দা এবং ভূরুঙ্গামারী বাজারের একজন পরিচিত কাঁচামাল ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে করিম উদ্দিন প্রতিদিনের মতো ভূরুঙ্গামারী বাজারে তার দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে রাত প্রায় ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে ৪-৫ জন অজ্ঞাত যুবক তার গতিরোধ করে। পরে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে এবং তার কাছে থাকা নগদ প্রায় ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ সময় করিম উদ্দিনের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জুবায়ের হোসেন জানান, “রোগীর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রয়োজনীয় সেলাই ও প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।”
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, “ঘটনাটি এখনো থানায় কেউ জানায়নি। আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। লিখিত অভিযোগ পেলে গুরুত্ব সহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply