ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি চালের ড্রাম থেকে ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাঁজা বিক্রির নগদ ৮ হাজার টাকাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) রাত ৮টার দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার এসআই মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মো. সুজন আলীর বাড়িতে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে বাড়ির পেছনে কাঠখড়ি রাখার ঘরে একটি পরিত্যক্ত চালের ড্রাম থেকে বিশেষ কৌশলে সংরক্ষিত অবস্থায় ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা পাহারার দায়িত্বে থাকা মো. জসিম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি পাথরডুবি ইউনিয়নের বাসিন্দা এবং সুজা মিয়ার ছেলে বলে পুলিশ জানিয়েছে।
অভিযানের সময় তার কাছ থেকে গাঁজা বিক্রির ৮ হাজার টাকা নগদ জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “ভূরুঙ্গামারী উপজেলার তিন দিক ভারতীয় সীমান্তঘেঁষা হওয়ায় এ এলাকায় মাদক চোরাচালানের প্রবণতা বেশি। মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের নিয়মিত সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। তবে মাদক নির্মূলে স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ যদি মাদক চোরাচালানের বিরুদ্ধে সোচ্চার না হন, তাহলে শুধুমাত্র পুলিশের পক্ষে এ সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন হবে।”
পুলিশ জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান আরও জোরদার করা হবে।

Leave a Reply