আনোয়ারুল ইসলাম জুয়েল, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের চিলমারীতে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলায় কলেজ পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে চিলমারী সিনিয়র আলিম মাদরাসার শিক্ষার্থীরা।
উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী এ বিজ্ঞান মেলা গত ১৪ মে শেষ হয়। মেলায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা অংশ নিয়ে নিজেদের উদ্ভাবনী প্রকল্প ও মেধার পরিচয় তুলে ধরেন।
মেলার প্রথম ইভেন্টে প্রকল্প মূল্যায়নে চিলমারী সিনিয়র আলিম মাদরাসার “স্মার্ট সিটি” প্রকল্প প্রথম স্থান অর্জন করে। এ প্রকল্প উপস্থাপন করেন শিক্ষার্থী শহিদ হাসান ও তানজিলা।
এছাড়া বিজ্ঞান অলিম্পিয়াডে জুনিয়র ও সিনিয়র গ্রুপ মিলিয়ে প্রথম স্থান অর্জন করেন সুমাইয়া উর্মি। দ্বিতীয় স্থান লাভ করেন সিদরাতুল মুনতাহা। কুইজ প্রতিযোগিতায় যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করেন হাবিবুর রহমান, সুমাইয়া উর্মি ও সিদরাতুল মুনতাহা। বিজয়ী সবাই চিলমারী সিনিয়র আলিম মাদরাসার শিক্ষার্থী।
শিক্ষার্থীদের সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতা করেন মাদরাসার পদার্থবিজ্ঞান প্রভাষক রাকিব মিয়া, ভৌতবিজ্ঞান শিক্ষক ইমদাদুল হক এবং অফিস স্টাফরা।
চিলমারী সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ নাজমুল হক বলেন, “মাদরাসা শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও গবেষণার সুযোগ সৃষ্টি করা গেলে তারাও ভবিষ্যতে দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ উদ্ভাবনে অবদান রাখতে সক্ষম হবে, ইনশাআল্লাহ।”
বিজয়ী শিক্ষার্থীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন ও ক্রেস্ট প্রদান করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি পর্যায়ে বিজ্ঞান গবেষণার আরও সুযোগ সৃষ্টি করা হলে মাদরাসার শিক্ষার্থীরাও নতুন নতুন উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল থানাহাট এ.ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, চিলমারী সরকারি ডিগ্রি কলেজ, গোলাম হাবিব মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।
জানা গেছে, প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীরা জেলা পর্যায়ের বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করবে।
কুড়িগ্রাম
বিজ্ঞান মেলায় কলেজ পর্যায়ে প্রথম চিলমারী সিনিয়র আলিম মাদরাসা
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৩৬ বার
বিজ্ঞাপন

Leave a Reply