হোম / অপরাধ
অপরাধ

ফরিদপুরে কৃষকের ক্ষেত থেকে রাতে ৫০ মন পেঁয়াজ চুরি, প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ণ পড়া হয়েছে: বার


ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় রাতের আঁধারে এক কৃষকের পেঁয়াজ ক্ষেত থেকে আনুমানিক ৫০ মন পেঁয়াজ চুরির ঘটনা ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত কৃষক প্রায় এক লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন। ঘটনাটি উপজেলার বুড়াইচ ইউনিয়নর শিয়ালদী গ্রামে।
ভুক্তভোগী কৃষক মো. এনামুল হক রুবেল জানান, চলতি মৌসুমে তিনি শিয়ালদী ও শৈলমারী মৌজায় প্রায় তিন একর জমিতে পেঁয়াজ চাষ করেন। ভালো ফলনের আশায় সার, সেচ ও পরিচর্যায় যথেষ্ট শ্রম ও অর্থ বিনিয়োগ করেন। তিনি বলেন, “গত ২২ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে প্রতিদিনের মতো ক্ষেত পরিদর্শন করে বাড়ি ফিরে যাই। পরদিন সকালে ক্ষেতে গিয়ে দেখি, বড় একটি অংশ থেকে পাকা ও আধাপাকা পেঁয়াজ তুলে নিয়ে গেছে চোরেরা। প্রায় ৫০ মন পেঁয়াজ নেই।”
তিনি আরও জানান, কিছু পেঁয়াজ ক্ষেতের মধ্যেই ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। এতে ধারণা করা হচ্ছে, চোরেরা তাড়াহুড়ো করে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়দের মতে, সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে রাতের আঁধারে এ চুরি সংঘটিত করেছে। কৃষকদের কষ্টার্জিত ফসল এভাবে লুট হওয়ায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। সাম্প্রতিক সময়ে কৃষিজ পণ্য চুরির ঘটনা বাড়ায় নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন অনেকে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা মো. ইদ্রিস শেখ (৬০), মো. রমিজ উদ্দিন (২৫) ও মো. ফারুক আহম্মেদ (৬০) ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষকের প্রতি সহমর্মিতা জানান।
এ ঘটনায় ভুক্তভোগী কৃষক আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি দ্রুত চোরদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় কৃষকরা দ্রুত তদন্ত, চোরদের গ্রেপ্তার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!