ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর সঙ্গে মাত্র পাঁচ মিনিট আলোচনার সুযোগ পেলে দেশে সার বিতরণ ও বিক্রির সংকট স্থায়ীভাবে সমাধান করা সম্ভব বলে দাবি করেছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ন আহবায়ক ও বলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোখলেছুর রহমান।
তিনি বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাঁচ মিনিট আলোচনার সুযোগ দিলে বাংলাদেশে আর কোনোদিন সার বিতরণ বা বিক্রিতে সংকট হবে না, ইনশা আল্লাহ চ্যালেঞ্জ দিলাম।”
বলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোখলেছুর রহমানের দাবি, এ জন্য সারের ডিলারের সংখ্যা বাড়ানোর প্রয়োজন নেই। প্রত্যেক ডিলারের বর্তমান বরাদ্দ ও সারের মূল্য অপরিবর্তিত রেখেই সমস্যার সমাধান করা সম্ভব। এমনকি ডিলার পরিবর্তন কিংবা অতিরিক্ত প্রশাসনিক সহায়তারও প্রয়োজন নেই বলে তিনি মনে করেন।
বর্তমান সার বিতরণ ব্যবস্থাকে ‘হয়রানিমূলক’ আখ্যা দিয়ে তিনি এর কার্যকর সংস্কারের দাবি জানান। নিজের প্রস্তাব বাস্তবায়ন ব্যর্থ হলে সরকার তাঁকে ‘ফাঁসি’ দিতে পারেন এমন কঠোর চ্যালেঞ্জও দেন তিনি।
এ ছাড়া কোনো গণমাধ্যম তাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সুযোগ করে দিতে পারলে সংশ্লিষ্ট মিডিয়ার স্বত্বাধিকারীকে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন মোখলেছুর রহমান।
তবে তাঁর প্রস্তাবের সুনির্দিষ্ট কাঠামো এখনো প্রকাশ্যে আসেনি। ফলে ডিলার, বরাদ্দ ও মূল্য অপরিবর্তিত রেখে কীভাবে সার সংকট দূর করা সম্ভব তা নিয়ে বিস্তারিত লিখিত প্রস্তার প্রকাশের কথা বললে তিনি জানান,সুষ্ঠুভাবে সকল কৃষকদের মাঝে সারের সুষম বন্টনের সুনিদিষ্ট কাঠামো তিনি শুধুমাত্র প্রধান মন্ত্রী তারেক রহমানের নিকট পেশ করতে চান অন্য কারও কাছে নয়।

Leave a Reply