হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি : হুইপ বকুল

প্রকাশ: ১৬ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৮ বার


খুলনা প্রতিনিধিঃ
খুলনার তরুণ সমাজকে আগামীর বাংলাদেশ গড়ার প্রধান শক্তি হিসেবে উল্লেখ করে খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, দেশের যুবসমাজকে সুশিক্ষিত, মানবিক ও প্রযুক্তিদক্ষ হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, তরুণদের মেধা, যোগ্যতা ও সৃজনশীলতার মাধ্যমে বিশ্বদরবারে বাংলাদেশের লাল-সবুজের পতাকা আরও উঁচুতে উড়বে।
শনিবার (১৬ মে) সকালে খুলনার সোনাডাঙ্গা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ অন্বেষণ কর্মসূচির আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ বকুল বলেন, এটি শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং মাদক ও হতাশার বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন। তিনি বলেন, বর্তমান সময়ে নানা অপশক্তি যুবসমাজকে বিপথে পরিচালিত করার চেষ্টা করছে। খেলাধুলাই পারে তরুণদের সেই অন্ধকার পথ থেকে আলোর পথে ফিরিয়ে আনতে।
তিনি আরও বলেন, সরকার খুলনার প্রতিটি তরুণের হাতে মাদকের বিষ নয়, স্বপ্ন ও সম্ভাবনার বিজয় পতাকা দেখতে চায়। তরুণদের চোখে হতাশা নয়, একটি সমৃদ্ধ ও সম্ভাবনাময় বাংলাদেশের প্রতিচ্ছবি দেখতে চাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আব্দুল্লাহ্ হারুন। তিনি বলেন, তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; তাদের জন্য খেলাধুলা, সংস্কৃতি ও সুস্থ বিনোদনের পরিবেশ নিশ্চিত করাও জরুরি। ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ তরুণদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ হুরে জান্নাত এবং মোহাম্মদ জাহিদুল হাসান। তাঁরা খুলনাসহ পুরো বিভাগকে মাদক ও অপরাধমুক্ত রাখতে প্রশাসনের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন এবং ক্রীড়াঙ্গনকে আরও সক্রিয় ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত হাজারো তরুণ ক্রীড়াবিদ, প্রশিক্ষক ও ক্রীড়াপ্রেমীর উপস্থিতিতে অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে। বর্ণিল বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সবাই মাদক, বৈষম্য ও হিংসামুক্ত একটি নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তরুণ ক্রীড়াবিদরা সমাজ থেকে মাদক ও বিদ্বেষ দূর করার শপথ নেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!