হোম / আইন ও পরামর্শ
আইন ও পরামর্শ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে কেদার ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও মিলাদ

প্রকাশ: 5 August 2026, 07:20 PM পড়া হয়েছে: ১৫৮ বার


স্টাফ রিপোর্টার, কচাকাটা
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে কুড়িগ্রামের কচাকাটা বাজারে কেদার ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত, আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনিছুর রহমান তোলা ব্যাপারী। বিশেষ অতিথি ছিলেন কেদার ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মাওলানা মোনায়েম হোসেন এবং কচাকাটা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
কেদার ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন কেদার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনিছুর রহমান আনিছ, কেদার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান এবং বল্লভেরখাস ইউনিয়ন যুবদলের সভাপতি আলতাফ হোসেন নান্টু।
বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দেশের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনে নিহতদের আত্মত্যাগ দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গণতান্ত্রিক চর্চা, আইনের শাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভায় কেদার ইউনিয়ন বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।
শেষে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন কেদার ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!