হোম / অপরাধ
অপরাধ

চর ভূরুঙ্গামারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রকল্পে অনিয়মে অভিযোগ দাখিল করল ইউপি সদস্যরা

প্রকাশ: 17 September 2026, 12:50 AM পড়া হয়েছে: বার
চর ভূরুঙ্গামারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রকল্পে অনিয়মে অভিযোগ দাখিল করল ইউপি সদস্যরা
চর ভূরুঙ্গামারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রকল্পে অনিয়মে অভিযোগ দাখিল করল ইউপি সদস্যরা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)  প্রতিনিধি  :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মানিক উদ্দিনের বিরুদ্ধে প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যরা  সবাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দেওয়া অভিযোগপত্রে বলা হয়, চেয়ারম্যান মানিক উদ্দিন সরকারি বিধি ও ইউনিয়ন পরিষদের সদস্যদের সঙ্গে পরামর্শ না করে নিজের মনগড়াভাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছেন। অভিযোগকারীদের দাবি, সরকারি নিয়ম না মেনে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন না করা এবং প্রকল্পের অর্থের যথাযথ ব্যবহার না করার ঘটনা ঘটেছে।

অভিযোগপত্রে কয়েকটি নির্দিষ্ট প্রকল্পের অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে। কাবিটা  ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ৫ নম্বর ওয়ার্ডের তোতা মিয়ার  বাড়ি হইতে কামাল মেম্বারের বাড়ি  পর্যন্ত    রাস্তা সিসি ঢালাইয়ের জন্য বরাদ্দ ১০ লাখ টাকা ব্যয়ের পর একই প্রকল্পে আরও ৫ লাখ টাকা ব্যয়ের অভিযোগ রয়েছে। ২ নম্বর ওয়ার্ডে রাস্তা সিসি ঢালাইয়ের জন্য বরাদ্দ প্রায় ৬ লাখ ৮ হাজার ৪০০ টাকা সদস্যদের অবহিত না করে ব্যয় করার অভিযোগও করা হয়েছে।

এ ছাড়া ৯ নম্বর ওয়ার্ডে রাস্তা সিসি ঢালাই, ৫ নম্বর ওয়ার্ডে সৌরবিদ্যুৎচালিত স্ট্রিট লাইট স্থাপন এবং ৮ নম্বর ওয়ার্ডে রাস্তা নির্মাণের কাজে অনিয়মের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে ইউনিয়নের নাগরিকদের কাছ থেকে নির্ধারিত ফি’র বাইরে অর্থ আদায় করা হয়েছে।

অভিযোগকারীরা আরও দাবি করেন, ভিজিডি কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে বরাদ্দ ২৫৭টি কার্ডের মধ্যে ইউনিয়ন পরিষদের সভায় তাদের ২৩৭টি কার্ডের কথা জানানো হলেও পরবর্তীতে কার্ড বিতরণে অনিয়ম হয়েছে। অভিযোগকারীরা এসব অভিযোগ সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনওর কাছে আবেদন জানিয়েছেন। অনিয়মের বিষয়ে জানতে চাইলাম  চেয়ারম্যান  মানিক উদ্দিন  বলেন, মেম্বারদের সঙ্গে মীমাংসা হয়ে গেছে। 

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে  নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অমৃত দেব নাথ বলেন, অভিযোগের কপি এখনো হাতে পাই নাই। অভিযোগ পাওয়া মাত্র তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!