খুলনা প্রতিনিধিঃ
খুলনায় আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং জনবান্ধব ডিজিটাল ভূমিসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে এ মেলার আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১৭ মে) দুপুরে খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের। তবে ব্যস্ততার কারণে তাঁর পরিবর্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ উপস্থিত ছিলেন। এসময় খুলনার জেলা প্রশাসক মিস হুরে জান্নাত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কানিজ ফাতেমা লিজাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল কার্যক্রমের ফলে এখন নাগরিকরা ঘরে বসেই অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি আবেদন, খতিয়ান সংগ্রহসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন। এসব সেবা সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সরাসরি সেবা প্রদানের লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।
আগামী ১৯ মে সকাল ১০টায় ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত ভূমি ভবন থেকে দেশব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হবে। একই সময়ে খুলনা বিভাগেও আনুষ্ঠানিকভাবে মেলা শুরু হবে। খুলনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বিভাগীয় পর্যায়ের মূল মেলার আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিভাগের প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসেও একযোগে মেলা অনুষ্ঠিত হবে।
খুলনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও সরকারের মাননীয় হুইপ রফিকুল ইসলাম বকুল।
মেলায় অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের নিবন্ধন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন, ই-নামজারির আবেদন গ্রহণ ও নিষ্পত্তিতে সহায়তা, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি সরবরাহ, মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বিতরণ এবং ভূমি সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা রাখা হবে।
এছাড়া ভূমি সেবা সহায়তা কেন্দ্র (এলএসএফসি), জেলা রেজিস্ট্রার কার্যালয়, সেটেলমেন্ট অফিস, ভূমি সংস্কার অফিসসহ ভূমি প্রশাসনের বিভিন্ন দপ্তরের পৃথক স্টল থাকবে। প্রতিটি স্টলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি নাগরিকদের সেবা ও পরামর্শ প্রদান করবেন।
মেলা চলাকালে “Automated Land Management System: The Changes, Development and Way Forward” শীর্ষক দুটি সেমিনার অনুষ্ঠিত হবে। সেখানে ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তর, সেবার সহজীকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে।
শিক্ষার্থীদের ভূমি বিষয়ে সচেতন করতে মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। তাদের জন্য ভূমিসেবা ও ভূমি আইনভিত্তিক কুইজ প্রতিযোগিতারও আয়োজন থাকবে।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, খুলনা জেলায় বর্তমানে ১০টি ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালু রয়েছে এবং নতুন করে আরও ৯টি কেন্দ্র অনুমোদন পেয়েছে। এসব কেন্দ্র থেকে নাগরিকরা সহজে অনলাইনভিত্তিক ভূমিসেবা গ্রহণ করতে পারবেন।
ভূমি সংক্রান্ত যেকোনো তথ্য, অভিযোগ বা পরামর্শের জন্য ভূমি মন্ত্রণালয়ের হটলাইন ১৬১২২ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে খুলনার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মেলায় অংশ নিয়ে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখার অনুরোধ জানানো হয়।
কুড়িগ্রাম
খুলনায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু ১৯ মে, মিলবে ডিজিটাল ভূমিসেবা
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১১:৫৬ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৯ বার
বিজ্ঞাপন

Leave a Reply