হোম / আন্তর্জাতিক
আন্তর্জাতিক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ১৮ বার

স্টাফ রিপোর্টার

বিশ্বকাপ ফুটবল-২০২৬কে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে পৃথকভাবে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ফুটবলপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উপজেলা সদর মুখরিত হয়ে ওঠে উৎসবমুখর পরিবেশে।

সোমবার বিকেলে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও প্রিয় খেলোয়াড়দের ছবি বহন করেন। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

আর্জেন্টিনা সমর্থকদের সংগঠন আর্জেন্টিনা ফ্যানস ক্লাব ভূরুঙ্গামারী এ কর্মসূচির আয়োজন করে। ক্লাবের সভাপতি ফাহিম হক প্রান্ত জানান, ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে সংগঠনটির যাত্রা শুরু হয়। চলতি বিশ্বকাপ উপলক্ষে সম্প্রতি ২০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, “আর্জেন্টিনা এবারও শিরোপা জিতে বিশ্ব ফুটবলে নিজেদের আধিপত্য ধরে রাখবে।”

অপরদিকে একই দিনে ইউনাইটেড সাপোর্টার অব ব্রাজিল (ইউএসওবি)-এর উদ্যোগে ব্রাজিল ফুটবল দলের সমর্থকরাও একটি আনন্দ মিছিল ও র‍্যালি বের করেন। ইউএসওবি ঢাকার সভাপতি মুন ব্যাপারী ও সুজন খাঁনের নেতৃত্বে অনুষ্ঠিত এ র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় ব্রাজিলের হলুদ-সবুজ পতাকা, ব্যানার ও বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

দুই দলের সমর্থকদের মধ্যে ছিল উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। ফুটবলপ্রেমীরা বিশ্বকাপকে ঘিরে নিজেদের প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থনের বহিঃপ্রকাশ ঘটান। শোভাযাত্রা ও র‍্যালিতে বিভিন্ন বয়সী ক্রীড়াপ্রেমী, শিক্ষার্থী, তরুণ এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উভয় পক্ষের উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়ানুরাগী ও মাসান টিভির প্রকাশক/চেয়ারম্যান প্রকৌশলী আশরাফুল আলম সুমন। তিনি বলেন, “ফুটবল শুধু একটি খেলা নয়, এটি বিশ্বজুড়ে মানুষের আবেগ ও সম্প্রীতির বন্ধন। খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়তা করে।”

বিশ্বকাপ ফুটবল-২০২৬কে সামনে রেখে ভূরুঙ্গামারীতে ফুটবলপ্রেমীদের এমন আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। সমর্থকদের প্রত্যাশা, আগামী দিনগুলোতেও এ ধরনের ইতিবাচক ও আনন্দঘন আয়োজন অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!