হোম / অপরাধ
অপরাধ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ২০

প্রকাশ: 30 July 2026, 09:44 PM পড়া হয়েছে: ২১ বার

ফুলবাড়ী প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্র ও যুবশক্তির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে বিএনপির ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে ছাত্র ও যুবশক্তির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার দাবি করেছে সংগঠনটি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। আহতরা ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে বলে জানান তারা।

এনসিপির কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক মুকুল মিয়া বলেন, হবিগঞ্জ ও ফুলবাড়ী উপজেলায় তাঁদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী হামলা চালিয়ে ছাত্র ও যুবশক্তির অন্তত ২০ জন নেতাকর্মীকে আহত করেছেন। তিনি হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান মুকুল জানান, আজকের এনসিপির মিছিলে ছাত্রলীগের কর্মীরা অংশ নেয়। এসময় ছাত্রদলের মমিনুল ইসলাম নামের এক কর্মী বাড়ি যাওয়ার পথে এনসিপির কার্যালয়ের সামনে হামলার শিকার হন। এ ঘটনা কেন্দ্র করে ছাত্রদলের সাথে এনসিপির নেতাকর্মীদের অনাকাঙ্ক্ষিত ঘটেছে।

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা এনসিপির ব্যানারে এমন উদ্বুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করছে। বিষয়টি সমাধান করতে জেলা নেতৃবৃন্দ ফুলবাড়ীতে আসতেছেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ ছিল। কয়েকজন আহত হয়েছে। এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!