ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে মমিনুল ইসলাম (২৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মমিনুল ইসলাম উপজেলার বাগভান্ডার এলাকার সোনাতলী গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
পুলিশের দেওয়া তথ্যমতে, মমিনুল দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন বলে অভিযোগ রয়েছে। কখনো মাদক মামলার আসামি, আবার কখনো নারী ও শিশু নির্যাতন মামলায় জড়ানোর ভয় দেখিয়ে তিনি অর্থ আদায়ের চেষ্টা করতেন বলে জানা গেছে।
সম্প্রতি এক বৃদ্ধের কাছ থেকে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টাকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় একটি চুরির মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিন জানান , গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply