ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঝুকিয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আমিনুল হক তারেকের সভাপতিত্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কচাকাটা-ভূরুঙ্গামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন,উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, সিনিয়র সদস্য কাজী নিজাম উদ্দিন এবং জামায়াত নেতা ফেরদৌস হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ২ কিলোমিটার দৈর্ঘ্যের ঝুকিয়া খাল পুনঃখননের পাশাপাশি ২টি বক্স কালভার্ট, ১টি কাঠের সেতু নির্মাণ, খালের উভয় তীরে বৃক্ষরোপণ এবং পানি সেচের জন্য পাইপ স্থাপন করা হবে। প্রকল্পটির মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫১ লাখ ৫৩ হাজার ৯শত ৯৫ টাকা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় কৃষিকাজ, মাছ চাষ ও পানি নিষ্কাশনে নানা সমস্যা দেখা দিয়েছিল। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি, মৎস্য চাষ সম্প্রসারণ এবং সেচ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply