ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে বালু উত্তোলন করে কালভার্টের মুখ বন্ধ করে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা বালু প্রকাশ্য নিলামের মাধ্যমে ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
রোববার (২৮ জুন) সন্ধ্যায় উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের সড়ককাটা এলাকায় ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের পাশের স্থানে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার খামার আন্ধারিঝাড় গ্রামের নজরুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন দিপু (২৬) দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। এতে কালভার্টের মুখ বন্ধ হয়ে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় দেলোয়ার হোসেন দিপুকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে জব্দ করা বালু প্রকাশ্য নিলামের মাধ্যমে স্থানীয় বাসিন্দা মজনু মিয়ার কাছে ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবদাথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আন্ধারিঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ আলী মণ্ডল, ভূমি উপসহকারী কর্মকর্তা রোকনুজ্জামান এবং থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবদাথ অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধ বালু উত্তোলন ও পরিবেশের ক্ষতি রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply