হোম / অপরাধ
অপরাধ

বিকাশের মাধ্যমে ১ লাখ ৮৭ হাজার টাকা আত্মসাৎ

প্রকাশ: 9 August 2026, 06:37 PM পড়া হয়েছে: ২২ বার

মানিকগঞ্জে প্রতারণার অভিযোগে ‘পেশাদার প্রতারক’ গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুরে প্রতারণার মাধ্যমে এক ইট ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ ৮৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মো. ফারুক হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আত্মসাৎ করা পুরো ১ লাখ ৮৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত ৩১ জুলাই ফারুক হোসেন নিজেকে ‘শাহীন’ পরিচয় দিয়ে কয়েকটি মোবাইল নম্বর ব্যবহার করে হরিরামপুর উপজেলার স্বাধীন ইটভাটার পার্টনার সজিব ও ইট ব্যবসায়ী রুবেলের সঙ্গে যোগাযোগ করেন। কথাবার্তার মাধ্যমে তাদের বিশ্বাস অর্জন করে ইট সরবরাহের বিষয়ে সম্মত করান তিনি।

পরে ইটের মালিকানা দাবি করে প্রতারণার মাধ্যমে ইট বিক্রি করেন এবং এর বিনিময়ে ১ লাখ ৮৭ হাজার টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ পুলিশের।

এ ঘটনায় ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে গত ৪ আগস্ট হরিরামপুর থানায় একটি মামলা করা হয়। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তা নেয় পুলিশ। পরে ঢাকা মহানগর ও নরসিংদীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানের ধারাবাহিকতায় গত ৭ আগস্ট নরসিংদীর পলাশ থানার পাঁচরুখী এলাকা থেকে ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের কাজীর গ্রামের বাসিন্দা।

হরিরামপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারের পর ফারুকের কাছ থেকে ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাবার কাছ থেকে আরও ১ লাখ ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়। সব মিলিয়ে আত্মসাৎ করা ১ লাখ ৮৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন জানান, গ্রেপ্তার ফারুক হোসেনকে ৮ আগস্ট বিকেল ৩টার দিকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, ফারুক হোসেন একজন পেশাদার প্রতারক। তিনি দেশের বিভিন্ন এলাকায় মোবাইল ফোন ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে জীবিকা নির্বাহ করতেন। তার বিরুদ্ধে আরও কোনো প্রতারণার অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!