নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক যুবকের লাশ ২২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ জুন ) দুপুরে ঘটনাস্থল থেকে প্রায় আড়াই কিলোমিটার ভাটিতে কুটিবামনডাঙ্গা এলাকায় নদীর তীরে তার মরদেহ ভেসে ওঠে।
নিহত আব্দুর রাজ্জাক (১৮) উপজেলার বামনডাঙ্গা মিয়াপাড়া এলাকার ছাপর উদ্দি হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে রাজ্জাক তার সমবয়সী বন্ধু নিশান, হেলাল ও বেলালকে নিয়ে আয়নালের ঘাটের পশ্চিম পাশে দুধকুমার নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে চার বন্ধু সাঁতার কেটে নদী পার হওয়ার চেষ্টা করে। নদীর মাঝামাঝি পৌঁছালে অন্যরা পিছনে তাকিয়ে দেখতে পায়, রাজ্জাক স্রোতের তীব্র টানে পানিতে তলিয়ে যাচ্ছে।
সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়। দীর্ঘ সময় স্রোতের সঙ্গে লড়াই করে তারাও ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়ে। পরে কষ্টে সাঁতরে নদীর তীরে উঠে প্রাণে রক্ষা পায়।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও রাজ্জাকের কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে মঙ্গলবার দুপুর প্রায় ১২টার দিকে কুটিবামনডাঙ্গা এলাকায় নদীর কিনারে তার মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পরিবারের সদস্য ও এলাকাবাসী মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
স্থানীয় আব্দুল খালেক বাবু, মাসুদসহ একাধিক ব্যক্তি জানান, দুধকুমার নদীতে বর্তমানে স্রোত অনেক বেশি থাকায় নদীতে গোসল ও সাঁতার কাটতে নামা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। একটি তরতাজা প্রাণ এভাবে হারিয়ে যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম বিরাজ করছে।

Leave a Reply