হোম / অপরাধ
অপরাধ

ভূরুঙ্গামারীর সামাদের ঘাট দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলন, ৭ ড্রেজার জব্দ

প্রকাশ: 17 October 2026, 06:59 PM পড়া হয়েছে: ২৮ বার
Oplus_16908288

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে সাতটি ড্রেজার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে আরও তিনটি ড্রেজার নিয়ে পালিয়ে যান বালু উত্তোলনে জড়িত ব্যক্তিরা। নদীর তীররক্ষা বাঁধের কাছ থেকে বালু তোলায় ভাঙনের ঝুঁকি তৈরি হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছিল।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের সামাদের ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিলুর রহমান। এ সময় থানা-পুলিশের একটি দল তাঁকে সহযোগিতা করে।

স্থানীয় সূত্রের অভিযোগ, জাহাঙ্গীর আলম, রুহুল আমিন, আইজুল হক ও সোহেল রানার নেতৃত্বে একটি মহল দীর্ঘদিন ধরে ওই এলাকায় ১০টি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল। নদীর তীররক্ষা বাঁধের কাছ থেকে বালু তোলায় বাঁধটি ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

অভিযানে জব্দ করা সাতটি ড্রেজারের মধ্যে পাঁচটি থানায় নেওয়া হয়েছে। বাকি দুটি ড্রেজার পানিতে থাকায় স্থানীয় ইউপি সদস্য আবুল কালামের জিম্মায় রাখা হয়। পরবর্তী সময়ে সেগুলো থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় মামলা করা হবে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিলুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!