হোম / অপরাধ
অপরাধ

ভূরুঙ্গামারীতে ৩ একর জমির আমন ধান নষ্টের অভিযোগ, ক্ষতি ৩ লাখ টাকা

প্রকাশ: 17 October 2026, 12:53 PM পড়া হয়েছে: ৬ বার

ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পূর্বশত্রুতা ও জমি দখলের চেষ্টার জেরে বিষাক্ত আগাছানাশক স্প্রে করে প্রায় ৩ একর ৩৬ শতাংশ জমির আমন ধান নষ্ট করার অভিযোগ উঠেছে। উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের খামার বেলদহ গ্রামে এ ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষকেরা।

এ ঘটনায় গত ১৫ অক্টোবর জমির মালিক আকিউল হোসাইন (৩৫), আশরাফুল (৪০) ও হারুন-অর-রশিদ কাজল একই গ্রামের মেহেদী হাসান (৩৭), হাবিবুর রহমান (৩৫), মাসুদ রানা (৩৯)সহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ মৌজার আরএস খতিয়ান নম্বর ৬৫৩, ১৩৪৪ ও ৪৫২-এর অন্তর্ভুক্ত জমিগুলো অভিযোগকারীরা ক্রয় ও উত্তরাধিকার সূত্রে পেয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল ও চাষাবাদ করে আসছেন। তবে পূর্বশত্রুতার জেরে অভিযুক্ত ব্যক্তিরা ওই জমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ তাঁদের।

অভিযোগে বলা হয়েছে, গত ১১ অক্টোবর দুপুরে হাবিবুর রহমান দা, ছুরি ও বেকিসহ দেশীয় অস্ত্রে ধার দেওয়ার সময় জমিতে গেলে গলা কেটে হত্যার হুমকি দেন। পরে মেহেদী হাসানের নির্দেশনা ও প্ররোচনায় অন্য অভিযুক্ত ব্যক্তিরা রাতের আঁধারে জমির আমন ধানখেতে ঘাস ও জঙ্গল দমনের বিষাক্ত ওষুধ স্প্রে করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে পুরো জমির ধানগাছ পুড়ে নষ্ট হয়েছে  বলে দাবি ভুক্তভোগীদের।

ভুক্তভোগী আকিউল ইসলাম,আশরাফুল ও কাজল জানায়  ধান নষ্ট হওয়ায় তাঁদের প্রায় ৩ লক্ষাধিক টাকার  আর্থিক ক্ষতি হয়েছে। ঘটনার পর তাঁরা স্থানীয় ইউপি সদস্য, চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়েছেন।

এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের   বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকেরা।

তবে অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য নিতে এলাকায় গেলেও তাদের পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিন জানান  ৩ একর জমির আমন ধান নষ্টের অভিযোগ,৩ লাখ টাকার ফসল নষ্ট মর্মে ভুক্তভোগী  ৩ জনে  একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।  ঘটনাস্থল তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!