ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় মোসাম্মৎ আয়েশা খাতুন (৫) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু মোঃ আমিনুল ইসলামের কন্যা। তিনি উপজেলার পশ্চিম ছাট গোপালপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ আনুমানিক সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটের দিকে শিশুটি রাস্তার পাশে হেঁটে যাচ্ছিল। এ সময় একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
তবে রংপুর নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
এ ব্যাপারে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিন জানান, দুর্ঘটনায় মৃত শিশুটির বাড়ীতে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের লোকজনের সাথে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply