হোম / আন্তর্জাতিক
আন্তর্জাতিক

বোদায় তিন দিনব্যাপী বারুণী স্নান শুরু, সপ্তাহজুড়ে মেলার আয়োজন

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ণ পড়া হয়েছে: ৭৪ বার


পঞ্চগড় জেলা প্রতিনিধি: খাদেমুল ইসলাম

পঞ্চগড়ের বোদা উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন বারুণী স্নান উৎসব শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সূর্যোদয়ের পর থেকেই উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের বোয়ালমারী এলাকায় করতোয়া নদীতে এই পবিত্র স্নানোৎসব শুরু হয়।

প্রতি বছরের মতো এবারও চৈত্র মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে করতোয়া নদীর উত্তরমুখী স্রোতে অনুষ্ঠিত হচ্ছে এ গঙ্গা স্নান। স্থানীয় গঙ্গা মন্দির কমিটির উদ্যোগে আয়োজিত এই উৎসবে পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ভক্ত সমবেত হয়েছেন। স্নানের পাশাপাশি তারা পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় পূজা-অর্চনায় অংশ নিচ্ছেন।

উৎসবকে কেন্দ্র করে বোয়ালমারী এলাকায় বসেছে সপ্তাহব্যাপী বারুণী মেলা। মেলায় নাগরদোলা, মোটরসাইকেল খেলা এবং বিভিন্ন গ্রামীণ বিনোদনের আয়োজন করা হয়েছে, যা দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ জোগাচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, এই স্নানোৎসব আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল এলাকা থেকে পরিবারসহ অংশ নিতে আসা সৌমিক অধিকারী বলেন, “দেহ ও মনকে পবিত্র করার জন্য প্রতিবছর এখানে আসি। পরিবারের সবাই মিলে স্নান করি এবং পূর্বপুরুষদের জন্য প্রার্থনা করি।”

অন্যদিকে নীলফামারীর ডোমার থেকে আসা প্রমিলা রানী বলেন, “বাপ-দাদাদের কাছ থেকে শুনেছি, নদীর উত্তরমুখী স্রোতে স্নান করলে পাপ মোচন হয়। সেই বিশ্বাস থেকেই পরিবারের সবাইকে নিয়ে এখানে এসেছি।”

এদিকে উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ও বোদা উপজেলা প্রশাসনের সার্বিক তদারকিতে আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা।

সংশ্লিষ্টরা আশা করছেন, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবারের বারুণী স্নান ও মেলা।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!