নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি:
‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপনের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে সাহিত্য আলোচনা, বইপড়া উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে ‘গুণী শিক্ষক সম্মাননা’প্রাপ্ত সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাফেজ মুহ. রশিদ আলমকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হক সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী এবং বিশিষ্ট সাহিত্যিক ও সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা মুহম্মদ জালাল উদ্দিন। এ ছাড়া অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও তাঁর অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় বইপড়া উৎসব।
সাহিত্যচর্চা ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান এবং রাষ্ট্রীয়ভাবে ‘গুণী শিক্ষক সম্মাননা’ লাভের স্বীকৃতিস্বরূপ সিনিয়র শিক্ষক হাফেজ মুহ. রশিদ আলমকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
জেলা সরকারি গণগ্রন্থাগারের এ আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সাহিত্যপ্রেমীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনদর্শন ও সৃষ্টিকর্ম সম্পর্কে জানতে উৎসাহিত করার পাশাপাশি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে গুণী শিক্ষক ও সাহিত্যসেবীদের সম্মাননা প্রদান নতুন প্রজন্মকে শিক্ষা ও সাহিত্যচর্চায় অনুপ্রাণিত করবে।

Leave a Reply