খুলনা প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই মেধাবী শিক্ষার্থী অলিউল্লাহ ও মুকাদ্দাসের সন্ধান এবং গুমের ঘটনার বিচার দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকার সাভার এলাকা থেকে তাদের গুম করা হয় বলে অভিযোগ রয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ব্যানার হাতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, অলিউল্লাহ ও মুকাদ্দাস ছিলেন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও সক্রিয় সাংস্কৃতিক কর্মী। অথচ তাদের গুমের ঘটনায় দীর্ঘদিন পার হলেও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তারা অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে সামান্য ইস্যুতেই সাংস্কৃতিক সংগঠনগুলো সোচ্চার হলেও এই দুই শিক্ষার্থীর বিষয়ে নীরবতা ছিল দুঃখজনক। মানববন্ধন থেকে তারা স্পষ্টভাবে গুমের ঘটনার বিচার দাবি করেন এবং ভবিষ্যতে যেন আর কোনো মায়ের কোল খালি না হয়, সে জন্য গুম ও খুনের সংস্কৃতি বন্ধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, “আমরা আমাদের ভাইদের সন্ধান চাই এবং সব গুমের ঘটনার যথাযথ বিচার দাবি করছি। যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় এনে জনগণের সামনে বিচার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো গুমের ঘটনা না ঘটে।”
তিনি আরও বলেন, “গুম ও খুনের বিচার না হলে এ ধরনের সংস্কৃতি আবারও ফিরে আসতে পারে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাই—তৎকালীন প্রক্টরসহ সংশ্লিষ্ট দায়িত্বশীলদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে জিজ্ঞাসাবাদ করে সত্য উদঘাটন করুন। যদি আমাদের ভাইদের সন্ধান দিতে ব্যর্থ হন, তবে আমরা প্রশাসনের বিরুদ্ধেও আন্দোলনে যেতে বাধ্য হবো।”
মানববন্ধন থেকে আরও দাবি জানানো হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহসহ যারা এই বিশ্ববিদ্যালয় থেকে গুম, খুন ও হত্যার শিকার হয়েছেন—সব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে, যাতে দেশের ক্যাম্পাসগুলোতে আর এমন ঘটনা না ঘটে।
অপরাধ
ইবির গুম হওয়া দুই মেধাবী শিক্ষার্থীর সন্ধান দাবিতে মানববন্ধন
প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৯ বার
বিজ্ঞাপন

Leave a Reply