রৌমারীতে অবৈধভাবে জমি দখল করে ৬০০ কলাগাছ কাটার অভিযোগ
আবু ছাইম রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারীতে জমি দখল করে ৬০০টি কলাগাছ কাটার অভিযোগ উঠেছে শাহ জামাল ও হায়দার আলীসহ কয়েকজনের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রৌমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সফিয়ার রহমান। ভুক্তভোগী সফিয়ার রহমান অভিযোগ করে বলেন, শাহ জামাল ও হায়দার আলীদের সঙ্গে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে আমার পরিবারের লোকজনের ক্ষতি করার জন্য পায়তারা করে আসছেন তারা। এরই জেরে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বেআইনীভাবে দল বেধে দেশিয় অস্ত্র নিয়ে আমার জমিতে অনধিকার প্রবেশ করে শাহ জামালসহ তার লোকজন। এ সময় ৩০ শতাংশ জমিতে লোগানো প্রায় ৬০০টি মালভোগ ও সাগর কলাগাছ কেটে অন্যত্র সরিয়ে ফেলেন এবং পাওয়ার টিলার দিয়ে হালচাষ করেন তারা। এতে ক্ষতি হয়েছে প্রায় তিন লাখ ২০ হাজার টাকা। তিনি আরও বলেন, ভবিষ্যতে কাউকে ওই জমিতে পেলে খুন করে লাশ পুতে রাখবেন বলে হুমকি দেন শাহ জামালরা। অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত হায়দার আলী বলেন, ওই জমিতে আমরাও কলাগাছ লাগিয়েছিলাম। কলাগাছ খারাপ হওয়ায় কেটে ফেলে পাট বীজ রোপণ করেছি। রৌমারী থানার ওসি কাওসার আলী বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
