কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমকালো আয়োজনে রাত্রিকালীন হাডুডু খেলা অনুষ্ঠিত
শফিকুল ইসলাম বেবু কুড়িগ্রাম আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খেলা হাডুডুপ্রেমীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় এক জমকালো রাত্রিকালীন হাডুডু খেলার আয়োজন করা হয়েছে। সোমবার রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা এলাকায় এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতার আয়োজন করা হয়। হাডুডুর এই আকর্ষক লড়াই দেখতে বিভিন্ন বয়সের শত শত দর্শকের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। ১৬ নভেম্বর ২০২৬ সোমবার রাতে অনুষ্ঠিত এই খেলায় উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের মধ্যকার চৌকস খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। দুই ওয়ার্ডের খেলোয়াড়দের দম ও শক্তির এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই পুরো এলাকাজুড়ে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। শীতের আমেজে রাতের স্নিগ্ধ পরিবেশে মাঠে উপস্থিত হয়ে দর্শকরা ঐতিহ্যবাহী এই গ্রামীণ খেলাটি উপভোগ করেন। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ। এ সময় তিনি বলেন, “হাডুডু শুধু একটি খেলা নয়, এটি আমাদের বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ও শেকড়ের ঐতিহ্য। গ্রামীণ খেলাধুলা যুবসমাজকে মাদক, অপরাধ এবং অবক্ষয় থেকে দূরে রাখে। শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে এমন সুস্থ বিনোদনের কোনো বিকল্প নেই।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব। তাঁরা তাঁদের বক্তব্যে বলেন, বর্তমান প্রজন্মের কাছে আমাদের ঐতিহ্যবাহী খেলাগুলোকে পরিচিত করতে এবং টিকিয়ে রাখতে এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন। এটি গ্রামীণ যুবসমাজকে একত্রিত করার পাশাপাশি সামাজিকভাবে বন্ধন দৃঢ় করে। এছাড়াও খেলায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সদস্য সচিব ও প্রভাষক শহীদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্তসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির প্রভাবে বর্তমানের তরুণ প্রজন্ম মাঠের খেলাধুলাবিমুখ হয়ে পড়ছে।গ্রামীণ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে পাড়া-মহল্লায় এ ধরনের প্রতিযোগিতার আয়োজন অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও আয়োজকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আগামীতেও এ ধরনের টুর্নামেন্ট অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।
