কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় দুই নাগরিককে গুলি করে ফেলে গেল বিএসএফ
কুড়িগ্রাম প্রতিনিধি- কুড়িগ্রামের দই খাওয়া সীমান্তে গরু চোরাচালানের সময় দুই ভারতী নাগরীককে আটক করে বিএসএফ। পরে বাংলাদেশ সীমান্তে এনে দুইজনকে গুলি করে ফেলে যায় বিএসএফ। পরে আহত দুই ভারতীয় নাগরীককে উদ্ধার করে রংপুরে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করে বাংলাদেশী সহযোগীরা। সেখান থেকে ডিবি তাদের আটক করে। পরে পুলিশের হেফাজতে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। গতকাল ৪ অক্টোবর রবিবার মধ্যরাতে কুড়িগ্রাম জেলার সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের দুর্গম দইখাওয়ার চর সীমান্তে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুই নাগরীক হলেন আব্দুল আলীম ও ইসমাইল হোসেন। তারা ভারতের আসাম রাজ্যের সুখচর থানার,দক্ষিন সালমারা মাইনকার চর বড়বালু এলাকার বাসিন্দা আব্দুল মজিদ মন্ডল ও মৃত আব্দুল করিম শেখের সন্তান। এদের মধ্যে আব্দুল আলীমের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে চিকিৎসক। গুলিবিদ্ধ ইসমাইল হোসেন জানান, ভারতীয় সীমান্তের অভ্যন্তরে বাংলাদেশী ভেবে তাদের আটক করে বিএসএফ । পরে তাদের বাংলাদেশ সীমান্তে নিয়ে এসে গুলি করে ফেলে রেখে চলে যায়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, ভারতীয় দুই নাগরিককে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। পরবর্তী ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনী গ্রহণ করবে। কুড়িগ্রাম ব্যাটালিয়ান ২২ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মাহাবুব উল হক জানান, সীমান্তে গুলির কোন ঘটনা ঘটেনি।
