কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে এবার ৫৬৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা পুলিশ।
রোববার (৪ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা পুলিশের সঙ্গে পূজা উদ্যাপন কমিটির নেতাদের মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার ১১টি থানার আওতায় এবার ৫৬৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে কুড়িগ্রাম সদর উপজেলায় ৮২টি, রাজারহাটে ১৩১টি, উলিপুরে ১২৫টি, নাগেশ্বরীতে ৭৫টি, ফুলবাড়ীতে ৭৮টি, ভূরুঙ্গামারীতে ১৬টি, কচাকাটায় ১৭টি, চিলমারীতে ২৮টি, চর রাজিবপুরে ১টি, রৌমারীতে ৯টি এবং ঢুষমারা থানার আওতায় ১টি মণ্ডপ রয়েছে।
সভায় পুলিশ কর্মকর্তারা বলেন, দুর্গাপূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে। মণ্ডপগুলোর নিরাপত্তা, পূজার কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পূজা উদ্যাপন কমিটির নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক তথ্য ছড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি কোনো ধরনের সন্দেহজনক ঘটনা বা তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দেওয়া হয়।
পুলিশ সুপার জেলার সব পূজামণ্ডপকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার জন্য পূজা উদ্যাপন কমিটির নেতাদের প্রতি আহ্বান জানান। তাঁর মতে, নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও পূজা উদ্যাপন কমিটির পাশাপাশি স্থানীয় জনগণেরও সহযোগিতা প্রয়োজন।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এবং পূজা উদ্যাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও দায়িত্বশীলতার মাধ্যমে কুড়িগ্রামে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply