ভূমি, ঐতিহ্য ও অস্তিত্ব সুরক্ষার দাবিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরলে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার দুপুরে বিরল উপজেলা ক্ষুদ্র নৃগোষ্ঠী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ) ও ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা (জেএসকেএস)-এর সহযোগিতায় রাণীপুকুর ইউনিয়নের টিনপাড়া এসকেএস চার্চ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘আদিবাসীদের ভূমি, ঐতিহ্য, অস্তিত্ব সুরক্ষা ও স্বীকৃতির দাবি’ এবং ‘আদিবাসী ধাত্রীদের সম্মান: জীবন ও সুস্থতা সুরক্ষায় তাঁদের অধিকার ও রাষ্ট্রের দায়বদ্ধতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিরল উপজেলা ক্ষুদ্র নৃগোষ্ঠী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি বিমল মার্ডির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. বাবুল হোসেন, থানার ওসি (তদন্ত) আনিছুর রহমান সরকার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম রেন্টু, কৃষিবিষয়ক সম্পাদক আফছার আলী মেম্বার, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সিডিএর উপপরিচালক ড. ফরিদা পারভীন কেয়া, আঞ্চলিক ব্যবস্থাপক কামরুজ্জামান এবং জেএসকেএসের ব্যবস্থাপক রেজাউল ইসলামসহ অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিরল উপজেলা ক্ষুদ্র নৃগোষ্ঠী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক প্রদীপ সিংহ।
আলোচনা সভায় বক্তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী ও আদিবাসী জনগোষ্ঠীর ভূমির অধিকার, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ, সামাজিক মর্যাদা, স্বাস্থ্যসেবা এবং জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তাদের অধিকার ও স্বার্থ রক্ষায় রাষ্ট্র ও সংশ্লিষ্টদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
আলোচনা শেষে গ্রামীণ কৃষি শ্রমজীবী ও আদিবাসী জনগোষ্ঠীর পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত একটি স্মারকলিপি প্রধান অতিথির কাছে হস্তান্তর করা হয়।
পরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ঐতিহ্যবাহী গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন অতিথি ও উপস্থিত দর্শনার্থীরা।

Leave a Reply