হোম / অপরাধ
অপরাধ

গভীর রাতে কবর খুঁড়ে লাশ চুরির চেষ্টা, রাজারহাটে চরম আতঙ্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৩ বার

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: মোঃ জাহিদ হাসান

উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতি মৌজার কানিপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফনের মাত্র এক ঘণ্টার মাথায় এক যুবকের মরদেহ কবর খুঁড়ে চুরির চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঘটে যাওয়া এ রহস্যজনক ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চরম আতঙ্ক, উৎকণ্ঠা ও তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কানিপাড়া গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তারের দ্বিতীয় ছেলে হারুন সম্প্রতি ঢাকায় মৃত্যুবরণ করেন। শুক্রবার রাতে তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হলে স্বজন ও এলাকাবাসীর উপস্থিতিতে কানিপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। কিন্তু দাফনের কিছুক্ষণ পরই ঘটে ভয়ঙ্কর এই ঘটনা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, গভীর রাতে কবরস্থানের পাশে সন্দেহজনক নড়াচড়া দেখতে পেয়ে কয়েকজন এলাকাবাসী এগিয়ে যান। এ সময় তারা দেখতে পান, একদল দুর্বৃত্ত সদ্য দাফন করা কবরটি খুঁড়ে মরদেহ বের করে নেওয়ার চেষ্টা করছে। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা মরদেহ ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর ছড়িয়ে পড়তেই রাতেই শত শত মানুষ কবরস্থানে ভিড় জমায়। অনেকেই ঘটনাটিকে রহস্যজনক ও অস্বাভাবিক বলে মন্তব্য করেন। কেউ কেউ ধারণা করছেন, এর পেছনে সংঘবদ্ধ কোনো চক্র কাজ করতে পারে। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দেয়।

স্থানীয় ইউপি সদস্য লাভলু মিয়া বলেন,

“ঘটনার কথা শুনেছি। তবে কারা কী উদ্দেশ্যে এমন ন্যাক্কারজনক কাজ করতে চেয়েছিল, তা এখনো স্পষ্ট নয়।”

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত নড়েচড়ে বসে প্রশাসন। -এর অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান,

“পরিবারের পক্ষ থেকে থানায় এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে শুক্রবার রাতেই ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।”

তিনি আরও জানান, শনিবার (২৩ মে) সকালেও পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলে অবস্থান করে তদন্ত কার্যক্রম চালিয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং এর পেছনে কোনো চক্র বা রহস্য জড়িত রয়েছে কি না তা অনুসন্ধান করা হচ্ছে।

এদিকে এমন নজিরবিহীন ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র উদ্বেগ বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত রহস্য উদঘাটন, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং কবরস্থান এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!