খুলনা প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে খুলনা মহানগরীতে গরু ও ছাগলের মাংস, ডিম ও বয়লার মুরগির খুচরা বিক্রয়মূল্য নির্ধারণ করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। বুধবার বিকেলে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি কেজি খাসির মাংস ১১০০ থেকে ১২০০ টাকা, গরুর মাংস ৭৪০ থেকে ৭৫০ টাকা, ডিম প্রতি হালি ৩৮ থেকে ৪৪ টাকা এবং বয়লার মুরগি প্রতি কেজি ১৮০ টাকায় বিক্রি হবে। নির্ধারিত দামের বাইরে অতিরিক্ত মূল্য আদায়, মেয়াদোত্তীর্ণ পণ্য, ভেজাল বা পঁচা খাবার বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ও কেসিসি প্রশাসক মো. মোখতার আহমেদ। তিনি বলেন, রমজান ইবাদত ও আত্মশুদ্ধির মাস। এ সময় ভোক্তাদের খাদ্য গ্রহণে সংযমী হওয়ার পাশাপাশি ব্যবসায়ীদেরও ন্যায্যমূল্যে পণ্য বিক্রির মানসিকতা রাখতে হবে। অন্য মাসের তুলনায় রমজানে কম লাভ হলেও তা সওয়াবের কারণ হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
এ ছাড়া প্রতিটি দোকানে দৃশ্যমান স্থানে দৈনিক মূল্যতালিকা টানানো এবং বিক্রির পাকা রশিদ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনার কথাও জানানো হয়।
সভায় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব আরিফুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন পুলিশ-এর এডিসি (দক্ষিণ) অমিত বর্মন, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কোহিনুর জাহানসহ নগরীর পাইকারি ও খুচরা ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম
খুলনা সিটি করপোরেশন রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম নির্ধারণ
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪১ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৬ বার
বিজ্ঞাপন

Leave a Reply