খুলনা প্রতিনিধি:
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেছেন, সাংবাদিকদের ওপর হামলা কেবল গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত নয়, এটি পুরো নগরবাসীর নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশের জন্যও বড় হুমকি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে খুলনা প্রেসক্লাব আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, “সন্ত্রাসীরা সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে সত্য প্রকাশের পথ রুদ্ধ করতে চায়। কিন্তু খুলনার সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করে সাহসিকতার পরিচয় দিয়েছেন। তাদের এই ন্যায্য আন্দোলনের সঙ্গে আমরা পূর্ণ সংহতি প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, খুলনা সিটি কর্পোরেশন ও বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও সাংবাদিকদের পাশে থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের আহ্বান জানিয়ে তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে সংঘটিত অপরাধে জড়িতদেরও আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। রাজনৈতিক পরিচয় বা আশ্রয়ে কোনো সন্ত্রাসী যেন প্রশ্রয় না পায়, সে বিষয়ে কঠোর অবস্থান নেওয়ারও আহ্বান জানান তিনি।
নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অপরাধ ও মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে প্রশাসক মঞ্জু বলেন, সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার। সঞ্চালনা করেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বেল্লাল হোসেন সজল। সভায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। বক্তারা সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এর আগে সকালে খুলনা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা, খুলনা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন খুলনা জেলা শাখা, বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি, নাগরিক ফোরাম খুলনাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধন থেকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত ১৪ জুলাই রাতে নগরীর শান্তিধাম এলাকায় জাতিসংঘ পার্কের পশ্চিম পাশে অবস্থানরত কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলিবর্ষণ করে। এ ঘটনায় সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকেই দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ধারাবাহিকভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন খুলনার সাংবাদিকরা।
অপরাধ
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে খুলনায় ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, নিরাপত্তা নিশ্চিতের দাবি প্রশাসক মঞ্জুর
প্রকাশ: 16 July 2026, 10:48 PM
পড়া হয়েছে: ৫ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
কালীগঞ্জে পৌর নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত
3 days আগে
ভূরুঙ্গামারীতে রাতের আধারে পাওয়ার টিলার দিয়ে ধানক্ষেত নষ্ট ও পরিবার অবরুদ্ধ করায় থানায় দুটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীরা। এলাকায় চরম উত্তেজনা।
3 days আগে

Leave a Reply