হোম / কৃষি ও প্রকৃতি
কৃষি ও প্রকৃতি

শেরপুরে সেচ সংকটে বিপর্যস্ত কৃষি,দপ্তরগুলোর সমন্বয়হীনতায় চরম ভোগান্তিতে কৃষক, অনাবাদি হয়ে পড়ছে জমি

প্রকাশ: ৪ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ পড়া হয়েছে: ৬২ বার

সুমন কুমার দে, স্টাফ রিপোর্টার, শেরপুর:

শেরপুর জেলায় সেচ সংকটকে কেন্দ্র করে কৃষি খাতে দেখা দিয়েছে গুরুতর স্থবিরতা। কৃষকদের অভিযোগ, প্রশাসনিক জটিলতা ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়হীনতার কারণে সময়মতো সেচ সুবিধা না পেয়ে তারা চাষাবাদ থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছেন।

৫ আগস্টের ছাত্র আন্দোলনের পর কৃষিনির্ভর এ অঞ্চলের কৃষি খাতে সংশ্লিষ্ট উপদেষ্টাদের নজর কমে গেছে বলে মনে করছেন স্থানীয়রা। এর সরাসরি প্রভাব পড়েছে মাঠ পর্যায়ের কৃষকদের ওপর।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকের এক একরের বেশি জমি থাকলেও সেচ পাম্প না থাকায় তারা জমি চাষ করতে পারছেন না। বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করলে (পিডিবি) থেকে তাদেরকে (বিএডিসি) থেকে সেচ লাইসেন্স নিতে বলা হয়।

কৃষকদের প্রশ্ন—মাত্র ২ কিলোওয়াট ক্ষমতার একটি ছোট মোটরের জন্য কেন লাইসেন্স প্রয়োজন? এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কোনো সন্তোষজনক ব্যাখ্যা মেলেনি।

অনেক কৃষক অভিযোগ করেন, লাইসেন্সের জন্য আবেদন করার পরও দীর্ঘ দুই বছর ধরে তারা কোনো সাড়া পাননি। দপ্তরের এক অফিস থেকে আরেক অফিসে ঘুরেও কোনো সমাধান না পেয়ে তারা হতাশ হয়ে পড়েছেন। এতে করে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন এবং অনেকেই বাধ্য হয়ে জমি অনাবাদি রেখে দিচ্ছেন।

সেচ কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তবে বাস্তবে দেখা যাচ্ছে, দপ্তরগুলোর মধ্যে দায়িত্ব পালনে স্পষ্ট সমন্বয়ের অভাব রয়েছে।

কৃষকরা যখন বিএডিসি কর্মকর্তার কাছে যান, তখন তিনি বিষয়টি ইউএনও’র অধীনে বলে জানান। আবার ইউএনও’র দপ্তরে গেলে বলা হয়, লাইসেন্স প্রদানকারী সংস্থা বিএডিসি—তাদের সুপারিশ ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।

এ ধরনের দায় এড়ানোর প্রবণতায় কৃষকরা পড়েছেন চরম ভোগান্তিতে।

কৃষি বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দ্রুত এ সংকট নিরসন না হলে খাদ্য উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। সেচ সুবিধা ছাড়া আধুনিক কৃষি ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়বে।

ভুক্তভোগী কৃষকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের ভাষায়,“কৃষক বাঁচলে দেশ বাঁচবে”—এই বাস্তবতা অনুধাবন করে এখনই সমাধান জরুরি।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!