খুলনা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে কোনো ধরনের সংশয় বা শঙ্কা নেই বলে দৃঢ় আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:)। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে সরকারের সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে।
বুধবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা জানান।
নিরাপত্তায় কঠোর বলয়
নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভোটের আগে ও পরে মোট সাত দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয় থাকবে। এবারের নির্বাচনে দায়িত্ব পালন করবে প্রায় ১ লাখ সেনাবাহিনী সদস্য, ১ লাখ ৫০ হাজার পুলিশ এবং ৫ লাখের বেশি আনসার সদস্য। পাশাপাশি বিজিবির ৩৭ হাজার, র্যাবের ৯ হাজার এবং নৌবাহিনী ও কোস্টগার্ডের প্রায় সাড়ে আট হাজার সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।
প্রযুক্তিনির্ভর নজরদারি
সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহারেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি জানান, প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও বডি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি থাকবে। প্রয়োজন অনুযায়ী ড্রোন ও ডগস্কোয়াড মোতায়েন করা হবে। নির্বাচনের পর সহিংসতা বা সংঘাতের কোনো আশঙ্কা নেই বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান
দেশের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “দেশের মঙ্গলের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অত্যন্ত জরুরি। ভুল বা বিভ্রান্তিকর তথ্য জনমনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।”
এ সময় মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবি ও র্যাবের মহাপরিচালকবৃন্দ, খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হবে নির্বাচন ও গণভোট: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫০ অপরাহ্ণ
পড়া হয়েছে: ২০৬৫ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
সোনাহাট স্থলবন্দরে ৯ দিন অচলাবস্থা: বেকার ২ হাজার শ্রমিক, রাজস্বে বড় ধসঃভারতীয় সিন্ডিকেট, ওয়্যারহাউস জটিলতা ও সমন্বয়হীনতায় স্থবির বন্দর কার্যক্রম
1 hour আগে
চট্টগ্রামে শ্রমিকদের সড়ক অবরোধে স্থবির নগরী, বকেয়া বেতনসহ নানা দাবিতে বিক্ষোভ
4 days আগে

Leave a Reply