হোম / অপরাধ
অপরাধ

রাজশাহীতে র‍্যাব-৫ এর বিশেষ অভিযান: বিদেশি রিভলবার, শুটারগান ও তাজা গুলিসহ অবৈধ অস্ত্র উদ্ধার

প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১২ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৮ বার


রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশি রিভলবার, শুটারগানসহ একাধিক অবৈধ আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ তাজা গুলি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।
র‍্যাব-৫ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান, দুটি এয়ারগান এবং ২০ রাউন্ড পিস্তলের তাজা গুলি। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, এসব অস্ত্র অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল।
র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসবাদ, অবৈধ অস্ত্র, মাদক কারবার, ছিনতাই ও সংগঠিত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। জননিরাপত্তা নিশ্চিত করতে রাজশাহী অঞ্চলেও র‍্যাব-৫ গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি গোয়েন্দা দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন পুরাতন ফুলকিপাড়া এলাকায় কয়েকজন ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এবং তাদের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র থাকতে পারে। এ তথ্যের সত্যতা যাচাই ও সম্ভাব্য অপরাধ প্রতিরোধের লক্ষ্যে একটি আভিযানিক দল গঠন করা হয়।
পরবর্তীতে ০৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে র‍্যাব-৫ এর আভিযানিক দলটি উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়। এরপর স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়।
তল্লাশির এক পর্যায়ে ঘটনাস্থল থেকে একটি হলুদ রঙের বস্তা ও একটি লাল রঙের শপিং ব্যাগ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ব্যাগ ও বস্তা খুলে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় উল্লেখিত অবৈধ আগ্নেয়াস্ত্র ও তাজা গুলি পাওয়া যায়। উদ্ধারকৃত সব আলামত বিধি মোতাবেক জব্দ করা হয়।
র‍্যাব-৫ আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের ধারাবাহিক অভিযানের ফলে রাজশাহী মহানগরীতে অবৈধ অস্ত্রের বিস্তার রোধ হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!